কারামুক্তির পর আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি, স্থাপন করা হলো সিসি ক্যামেরা

Share

কারাগার থেকে মুক্তি পেয়ে নারায়ণগঞ্জের দেওভোগে নিজ বাসভবনে ফেরার পর সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি নিয়ে আলোচনা শুরু হয়েছে। বাড়িতে ফেরার ঠিক আগে তার বাসার গেটসংলগ্ন একটি ল্যাম্পপোস্টে আধুনিক সিসি ক্যামেরা স্থাপন করেছে জেলা পুলিশ।

বুধবার (৩ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাসভবনে পৌঁছান আইভী। এরপর থেকেই তার আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও অনুসারীদের আনাগোনা বাড়তে থাকে। এ সময় স্থানীয়দের নজরে আসে বাড়ির সামনে নতুন করে স্থাপন করা সিসি ক্যামেরাটি।

বৃহস্পতিবার (৪ জুন) বিষয়টি নিয়ে কথা বলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী। তিনি জানান, শুধুমাত্র সাবেক মেয়রের বাসভবনকে কেন্দ্র করে নয়, বরং কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণ এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে।

তিনি বলেন, “এলাকাটিতে মোট চারটি সিসি ক্যামেরা বসানো হয়েছে। এর মধ্যে একটি আইভীর বাসার সামনের ল্যাম্পপোস্টে স্থাপন করা হয়েছে।”

পুলিশের দাবি, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনের লক্ষ্যে এই নজরদারি ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে সাবেক মেয়রের বাড়ির সামনে ক্যামেরা স্থাপনের ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

সর্বশেষ সংবাদ

spot_imgspot_img

এ সম্পর্কিত আরও পড়ুন