নির্মাতা উজ্জ্বলের ৭৫ বছর বয়সী মা হলে এলেন ‘বনলতা সেন’ দেখতে

Share

জীবনানন্দ দাসের কালজয়ী কবিতা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘বনলতা সেন’ মুক্তির পর দর্শক ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে প্রশংসা কুড়াচ্ছে। এরই মধ্যে সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল-এর ৭৫ বছর বয়সী মা, যা নির্মাতার জন্য হয়ে উঠেছে এক আবেগঘন মুহূর্ত।

নির্মাতা জানান, প্রায় ৫৫ বছর পর তাঁর মা বড় পর্দায় কোনো চলচ্চিত্র দেখলেন। পরিবারের সদস্যদের সঙ্গে বসে তিনি উপভোগ করেন ছেলের নির্মিত ‘বনলতা সেন’। দীর্ঘদিন চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত থাকলেও উজ্জ্বলের মা তাঁর কাজ খুব বেশি দেখেননি। এমনকি নির্মাতার প্রথম চলচ্চিত্র ‘ঊনপঞ্চাশ বাতাস’ও দেখা হয়নি তাঁর। তবে এবার নিজ আগ্রহেই সিনেমা হলে গিয়ে ‘বনলতা সেন’ দেখার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

সিনেমা প্রদর্শনের সময় পরিবারের সদস্য ও চলচ্চিত্রের কয়েকজন কলাকুশলী উপস্থিত ছিলেন। টিকিট সংকটের কারণে সবাই একসঙ্গে বসতে না পারলেও আলাদা আসনে বসে ছবিটি উপভোগ করেন নির্মাতা। তিনি জানান, পর্দায় যখন ‘আমার পিতা এম এ কাসেমের স্মৃতির প্রতি উৎসর্গ’ লেখা ভেসে ওঠে, তখন পুরো পরিবারের আবেগ এক সুতোয় গাঁথা হয়ে যায়।

নিজের সৃজনশীলতার পেছনে বাবা-মায়ের সাহিত্যপ্রেম ও সাংস্কৃতিক চর্চার অবদান তুলে ধরে উজ্জ্বল বলেন, তাঁর বাবা ছিলেন পরিবারের কবিতার প্রাণকেন্দ্র। শৈশবের স্মৃতিচারণ করে তিনি জানান, ছোটবেলায় বাবার মুখে কবিতা আবৃত্তি শুনে সাহিত্য ও শিল্পের প্রতি গভীর আকর্ষণ তৈরি হয়েছিল তাঁর।

মায়ের সাহিত্যপ্রেমের কথাও স্মরণ করেন এই নির্মাতা। তিনি বলেন, তাঁর মায়ের প্রিয় লেখকদের মধ্যে ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নিহাররঞ্জন গুপ্ত ও শংকর। সংসারের কাজ শেষ করে অলস দুপুরে মায়ের বই পড়ার দৃশ্য আজও তাঁর কাছে প্রিয় স্মৃতি।

উজ্জ্বল জানান, বই, সংগীত, ফটোগ্রাফি ও সাহিত্যচর্চায় ভরপুর এক সাংস্কৃতিক পরিবেশে তাঁর বেড়ে ওঠা। পরিবারের সদস্যদের নানা সৃজনশীল কর্মকাণ্ড তাঁর শিল্পবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বর্তমান প্রজন্মের পারিবারিক সাংস্কৃতিক চর্চা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ছোটবেলা থেকে সাহিত্য ও সংস্কৃতির যে আবহে তিনি বড় হয়েছেন, সেটিই আজ তাঁর চলচ্চিত্র নির্মাণের প্রধান শক্তি। নিজের জীবন প্রসঙ্গে তিনি বলেন, “আমার জীবনটাই সিনেমার মতো আমি তাহলে কেন সিনেমা বানাব না বলেন!”।

সর্বশেষ সংবাদ

spot_imgspot_img

এ সম্পর্কিত আরও পড়ুন