ছোট ভিডিওভিত্তিক কনটেন্টকে আরও আকর্ষণীয় ও দীর্ঘমেয়াদি করার লক্ষ্যে ফেসবুক ও ইনস্টাগ্রামে নতুন ‘সিরিজ’ ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। এই সুবিধার মাধ্যমে কনটেন্ট নির্মাতারা একই বিষয় বা ধারাবাহিক গল্পের একাধিক রিলসকে একটি নির্দিষ্ট সিরিজের আওতায় সাজিয়ে প্রকাশ করতে পারবেন।
বর্তমানে বিশ্বের বিভিন্ন অঞ্চলের নির্বাচিত কিছু কনটেন্ট ক্রিয়েটরের ওপর ফিচারটির পরীক্ষামূলক ব্যবহার চলছে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এটি চালু হলে পর্বভিত্তিক কনটেন্ট নির্মাতারা দর্শক ধরে রাখা এবং নতুন অনুসারী বাড়ানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য সুবিধা পাবেন।
নতুন ফিচারের মাধ্যমে নির্মাতারা শুধু নতুন নয়, আগে প্রকাশিত রিলসও নির্দিষ্ট সিরিজে যুক্ত করতে পারবেন। ফলে একই বিষয়ের ভিডিওগুলো দর্শকদের জন্য খুঁজে পাওয়া সহজ হবে।
এ ছাড়া ক্রিয়েটরদের প্রোফাইলে সিরিজগুলোর জন্য আলাদা একটি বিভাগ থাকবে, যেখানে ধারাবাহিকভাবে সাজানো সব পর্ব একসঙ্গে দেখা যাবে।
দর্শকদের জন্যও থাকছে আরও উন্নত দেখার অভিজ্ঞতা। কোনো সিরিজের একটি পর্ব যেখানে দেখা শেষ করা হবে, পরবর্তীতে সেখান থেকেই পরবর্তী পর্ব দেখা শুরু করা যাবে।
এতদিন রিলস মূলত দ্রুত স্ক্রল করে এক ভিডিও থেকে আরেক ভিডিওতে চলে যাওয়ার মাধ্যম ছিল। তবে ‘সিরিজ’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের দীর্ঘ সময় প্ল্যাটফর্মে ধরে রাখার নতুন কৌশল নিয়েছে মেটা।
একটি পর্ব শেষ হওয়ার পর পরবর্তী পর্ব দেখার আগ্রহ তৈরি হওয়ায় দর্শকরা বারবার ফেসবুক ও ইনস্টাগ্রামে ফিরে আসবেন বলে ধারণা করা হচ্ছে।
মেটা ইঙ্গিত দিয়েছে, নতুন এই ফিচার কনটেন্ট নির্মাতাদের জন্য অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি করতে পারে। তবে কী ধরনের মনিটাইজেশন ব্যবস্থা চালু হবে বা নির্মাতারা কীভাবে আয় করবেন, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, ধারাবাহিক কনটেন্ট উপস্থাপনের উদ্যোগ মেটার জন্য নতুন নয়। ২০২০ সালে ইনস্টাগ্রামে ‘গাইডস’ নামের একটি ফিচার চালু করা হয়েছিল। তবে রিলসভিত্তিক ‘সিরিজ’ ফিচারটি ক্রিয়েটর ইকোনমিতে নতুন গতি আনতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

