আর মাত্র দুই দিন পর শুরু হচ্ছে বিশ্বকাপ। বাংলাদেশে টুর্নামেন্টটির সম্প্রচার নিয়ে কয়েক সপ্তাহ ধরেই অনিশ্চয়তা ছিল। যদিও সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টেলিভিশন ও টি স্পোর্টস বিশ্বকাপ সম্প্রচারের ঘোষণা দিয়েছে, তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো আসেনি।
এরই মধ্যে মঙ্গলবার সকালে ক্রীড়া সাংবাদিকদের নিয়ে গঠিত তথ্য মন্ত্রণালয়ের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে সুখবর দেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বার্তায় তিনি বলেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে দেশবাসীকে জানাচ্ছি যে, বিটিভি অন্য কিছু অংশীদারকে সঙ্গে নিয়ে বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করবে। কিছুক্ষণের মধ্যেই আমাদের মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিস্তারিত জানাবে সকল গণমাধ্যমকে।”
এ সময় বিশ্বকাপ সম্প্রচারের উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত গণমাধ্যম ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরও ধন্যবাদ জানান তিনি।
বিশ্বকাপ সম্প্রচারের অর্থায়ন নিয়ে বিশেষভাবে গুরুত্ব দিয়ে তথ্যমন্ত্রী জানান, এবার রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ ব্যয় না করেই খেলা সম্প্রচারের ব্যবস্থা করা হতে পারে।
তিনি বলেন, “আমাদের নেতা তারেক রহমানের বিজ্ঞ নির্দেশনায় আমরা এই সফলতা অর্জন করেছি। আশা করি কোনো পাবলিক মানি খরচ না করেই আমরা বিশ্বকাপের সকল খেলা সম্প্রচার করতে পারবো।”
উল্লেখ্য, ২০২২ সালে কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রায় ৯৮ কোটি টাকা ব্যয় করেছিল। সে তুলনায় এবার সরকারি অর্থ ব্যয় ছাড়াই সম্প্রচারের সম্ভাবনার কথা জানানো হয়েছে।
বিশ্বকাপ সম্প্রচার সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাতে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনের পরিকল্পনা রয়েছে। তবে বর্তমানে তথ্যমন্ত্রী চীন সরকারের আমন্ত্রণে বিদেশ সফরে থাকায় সেটি কিছুটা বিলম্বিত হচ্ছে। তিনি দেশে ফেরার পর এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানানো হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

