বিএনপি নেতার বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, এলাকায় চাঞ্চল্য

Share

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বলিয়ারপুর গ্রামে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লস্কর আলীর বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও প্রাণনাশের হুমকি লেখা একটি চিরকুট পাওয়া গেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বুধবার (৩ জুন) সকালে পরিবারের সদস্যরা বাড়ির প্রাচীরের ওপর একটি পলিথিন মোড়ানো প্যাকেট দেখতে পান। পরে সেটি খুলে দেখা যায়, ভেতরে কাফনের কাপড়, আগরবাতির প্যাকেট, গোলাপজলের বোতল এবং একটি হুমকিমূলক চিরকুট রয়েছে। বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামতগুলো উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বলিয়ারপুর গ্রামের মৃত এজেল শেখের ছেলে লস্কর আলী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাঁর বাড়ির দেয়ালের ওপর এসব সামগ্রী রেখে যায় বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধার হওয়া চিরকুটে লেখা ছিল, *“তুই ভালো-মন্দ খেয়ে নে। তোর সময় শেষ। বটতলায় তোর মাথা গাছে ঝুলিয়ে রাখবো। তুইসহ তোর পাশে যারা থাকে কাউকে ছাড়বো না। চিরকুটের ভাষা ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

লস্কর আলী বলেন, সকালে বাড়ির প্রাচীরের ওপর একটি পলিথিন ব্যাগ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে ব্যাগের ভেতরে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও প্রাণনাশের হুমকি দেওয়া চিরকুট পাওয়া যায়। খবর পেয়ে বলিয়ারপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে এসে সেগুলো উদ্ধার করে নিয়ে যান।

এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখান থেকে কাফনের কাপড়সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ সংবাদ

spot_imgspot_img

এ সম্পর্কিত আরও পড়ুন