মালদ্বীপকে হারিয়ে আগেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এবার লক্ষ্য গ্রুপসেরা হওয়া। সেই লক্ষ্য পূরণে আগামী সোমবার (১ জুন) গোয়ায় স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে গুরুত্বপূর্ণ এই ম্যাচ।
শনিবার (৩০ মে) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রধান কোচ পিটার বাটলার জানান, মালদ্বীপের বিপক্ষে বেশ কয়েকটি সুযোগ তৈরি হলেও সেগুলো কাজে লাগাতে পারেনি তার দল। বিশেষ করে উইঙ্গার ঋতুপর্ণা চাকমার জন্য ম্যাচটি প্রত্যাশামতো হয়নি। তবে ভারতের বিপক্ষে ভিন্ন ধরনের চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলেও উল্লেখ করেন তিনি।
বাটলার বলেন, “আমরা জানি একটি শক্তিশালী দলের বিপক্ষে খেলতে যাচ্ছি। গত ম্যাচের বিশ্লেষণ করে সে অনুযায়ী প্রস্তুতি নেব।”
মালদ্বীপের বিপক্ষে বুকে ব্যথার কারণে খেলতে না পারা ডিফেন্ডার শিউলি আজিম ভারত ম্যাচে ফিরতে পারেন। একই সঙ্গে একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে মিডফিল্ডার মনিকা চাকমারও।
দলের রক্ষণভাগের কিছু দুর্বলতার কথা স্বীকার করে শিউলি বলেন, “কোচ এসব বিষয় নিয়ে কাজ করছেন। আশা করছি, পরের ম্যাচে যে জায়গাগুলোতে ভুল হয়েছে সেগুলো শুধরে উঠতে পারব।”
ভারতকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ কোচ। তার মতে, প্রতিপক্ষকে বোঝার পাশাপাশি নিজেদের পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে জয় পাওয়া সম্ভব।
তিনি বলেন, “প্রতিপক্ষকে বোঝাটা গুরুত্বপূর্ণ, তবে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সঠিক পরিকল্পনা এবং সেটি মাঠে ঠিকভাবে কার্যকর করা।”
সেমিফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে ভুটান নাকি নেপাল এ প্রশ্নে নির্লিপ্ত ছিলেন বাটলার। তিনি বলেন, “আমার কোনো বিশেষ পছন্দ নেই। টুর্নামেন্ট জিততে হলে যে কোনো পর্যায়ে এই দলগুলোর মুখোমুখি হতেই হবে।”
উল্লেখ্য, আগের দুই সাফ আসরে ভারতের বিপক্ষে জয়ের স্মৃতি রয়েছে বাংলাদেশের। তবে এবারকার ভারত দল আগের তুলনায় আরও সংগঠিত ও শক্তিশালী বলে মনে করছেন বাংলাদেশের খেলোয়াড়রাও। তাই অতীতের রেকর্ড নয়, বরং মাঠের পারফরম্যান্স দিয়েই জয় তুলে নিতে দৃঢ়প্রতিজ্ঞ লাল-সবুজের প্রতিনিধিরা।

