১২ মামলায় জামিনের পর কারামুক্ত হলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী

Share

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ১২টি মামলায় জামিন পাওয়ার পর কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে কারা কর্তৃপক্ষ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাকে মুক্তি দেয়।

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেলার শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতের আদেশ কারাগারে পৌঁছানোর পর যাচাই-বাছাই শেষে আইভীর মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

আইভীর বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা এবং বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা ১২টি মামলা বিচারাধীন রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে এসব মামলা দায়ের করা হয়। গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এর মধ্যে সিদ্ধিরগঞ্জ থানার দুটি মামলায় গত ৩০ এপ্রিল হাইকোর্ট তাকে অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেন। রাষ্ট্রপক্ষ ওই জামিন স্থগিতের আবেদন করলে ১৭ মে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক–এর নেতৃত্বাধীন আদালত এ বিষয়ে ‘নো অর্ডার’ দেন।

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট আরও ১০টি মামলায় হাইকোর্টের দেওয়া জামিনও বহাল রাখেন আপিল বিভাগ। ফলে সব মিলিয়ে ১২টি মামলায় জামিন কার্যকর থাকায় সংশ্লিষ্ট আদালতের আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পর তার মুক্তির পথ সুগম হয়।

কারামুক্তির সময় আইভীর পক্ষে নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট আওয়াদ হোসেন, অন্যান্য আইনজীবী এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সেলিনা হায়াৎ আইভী ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন–এর টানা তিনটি নির্বাচনে বিজয়ী হয়ে মেয়রের দায়িত্ব পালন করেন।

সর্বশেষ সংবাদ

spot_imgspot_img

এ সম্পর্কিত আরও পড়ুন