যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের পরোক্ষ শান্তি আলোচনা স্থগিত করল ইরান

Share

লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতাকারীদের মাধ্যমে চলমান সব ধরনের পরোক্ষ শান্তি আলোচনা স্থগিত করেছে ইরান। সোমবার দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম এ তথ্য জানিয়েছে।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়, লেবাননে ইসরায়েলের অব্যাহত সামরিক কর্মকাণ্ড এবং যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের প্রেক্ষাপটে ইরানের আলোচক দল মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরিচালিত সব ধরনের সংলাপ ও নথি আদান-প্রদান সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, লেবানন ইস্যু যুদ্ধবিরতির অন্যতম গুরুত্বপূর্ণ পূর্বশর্ত ছিল। তবে ইরানের দাবি, যুদ্ধবিরতি বিভিন্ন ফ্রন্টে, বিশেষ করে লেবাননে, কার্যকরভাবে লঙ্ঘিত হয়েছে।

আলোচনা পুনরায় শুরু করতে কয়েকটি শর্তও দিয়েছে তেহরান। এর মধ্যে রয়েছে গাজা ও লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করা এবং লেবাননের ভূখণ্ডে দখলকৃত এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার।

এদিকে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে তাদের সামরিক তৎপরতা আরও জোরদার করেছে। ২০০০ সালে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের পর এবারই প্রথম তারা এত গভীর এলাকায় অগ্রসর হয়েছে বলে জানা গেছে। সোমবার রাজধানী বৈরুত-এর দক্ষিণ উপশহরের বাসিন্দাদের সম্ভাব্য হামলার আগে এলাকা ত্যাগের সতর্কবার্তাও দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

তাসনিম আরও জানিয়েছে, ইরান এবং তার আঞ্চলিক মিত্ররা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সম্পূর্ণ অবরুদ্ধ করা এবং বাব আল-মান্দাব প্রণালীসহ অন্যান্য ফ্রন্ট সক্রিয় করার বিষয়ে দৃঢ় অবস্থানে রয়েছে।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানের এই সিদ্ধান্ত অঞ্চলটির নিরাপত্তা ও কূটনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

সর্বশেষ সংবাদ

spot_imgspot_img

এ সম্পর্কিত আরও পড়ুন