রাজধানীর ধানমন্ডির মাসজিদ-উত-তাকওয়ায় আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, সাবেক মন্ত্রী এবং ঊনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ-এর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করলে পুলিশ কয়েকজনকে আটক করে।
সোমবার (১ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে জানাজা শেষে উপস্থিত নেতাকর্মীদের একটি অংশ স্লোগান দিতে শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হস্তক্ষেপ করে। এ সময় পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে এবং ১০ থেকে ১৫ জনকে আটক করে। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক। তিনি বলেন, মরদেহবাহী গাড়ি নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাদের কয়েকজনকে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তির সঠিক সংখ্যা যাচাই-বাছাই শেষে জানানো হবে।
আটককৃতরা আওয়ামী লীগের নেতাকর্মী কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশৃঙ্খলাকারীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আটক ব্যক্তিদের মধ্যে নির্দোষ কেউ থাকলে যাচাই শেষে তাকে ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, সোমবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তোফায়েল আহমেদ। তার দ্বিতীয় জানাজা মঙ্গলবার নিজ জেলা ভোলা-য় গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

