যুক্তরাষ্টের সাথে এখনই কোনো চুক্তি চূড়ান্ত হচ্ছে না–ইরান

Share

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় কিছু অগ্রগতি হলেও এখনই কোনো চুক্তি চূড়ান্ত হচ্ছে না বলে জানিয়েছে ইসমাইল বাঘাই। সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বেশিরভাগ বিষয়ে আলোচনা এগোলেও সমঝোতা হয়ে গেছে— এমনটা ভাবার সময় এখনো আসেনি।

ইরান ও যুক্তরাষ্ট্র এর মধ্যে সম্ভাব্য এই সমঝোতায় ৬০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো, হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পরবর্তী আলোচনার বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে বলে জানিয়েছে BBC News।

এর আগে নয়াদিল্লিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন, শনিবার রাত কিংবা সোমবারের মধ্যেই কোনো সমঝোতার ঘোষণা আসতে পারে বলে তিনি আশা করেছিলেন। তবে তিনি সতর্ক করে বলেন, বিষয়টিকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই এবং ইরানের পক্ষ থেকে সাড়া পেতে সময় লাগছে।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ইঙ্গিত দিয়েছিলেন যে দুই পক্ষ সমঝোতার কাছাকাছি পৌঁছেছে। তবে রোববার তিনি বলেন, আলোচনা গঠনমূলকভাবে এগোচ্ছে, কিন্তু চুক্তির জন্য কোনো তাড়াহুড়ো করা হবে না।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর দাবি, এটি এখনো পূর্ণাঙ্গ চুক্তি নয়। বরং একটি অন্তর্বর্তী বা খসড়া কাঠামো, যেখানে নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা ইরানি অর্থ ছাড় এবং পারমাণবিক কর্মসূচির সীমা নির্ধারণের মতো জটিল বিষয়গুলো পরে আলোচনা করা হবে।

বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও এলএনজি হরমুজ প্রণালি দিয়ে পরিবহন হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইরান এই প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ায় বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যায়। তবে সম্ভাব্য সমঝোতার আশায় সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমেছে এবং এশিয়ার শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে।

এদিকে ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির মধ্যেই এ নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। সিনেটর টেড ক্রুজ বলেন, ইরানের প্রতি নমনীয়তা দেখানো ভয়ানক ভুল হবে। এছাড়া সিনেট আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান রজার উইকার মনে করেন, নতুন করে ৬০ দিনের যুদ্ধবিরতি মানে আগের সামরিক অভিযানের অর্জন নষ্ট হয়ে যাওয়া।

ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র লিন্ডসে গ্রাহামও প্রশ্ন তুলেছেন, ইরানকে মধ্যপ্রাচ্যে শক্তিশালী অবস্থানে রেখেই যদি আলোচনা এগোয়, তাহলে যুদ্ধ শুরুর যৌক্তিকতা কোথায়।

সর্বশেষ সংবাদ

spot_imgspot_img

এ সম্পর্কিত আরও পড়ুন