যশোরের শার্শা উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনার জন্ম দিয়েছে এক গৃহবধূর একসঙ্গে পাঁচ সন্তানের জন্মদান এবং জন্মের কিছুক্ষণের মধ্যেই নবজাতকদের মৃত্যু। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। একই সঙ্গে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, আত্মীয়স্বজন এবং স্থানীয় বাসিন্দাদের মাঝে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শার্শা উপজেলার কাশিপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা জান্নাতি বেগম একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেন। নবজাতকদের মধ্যে তিনজন ছেলে এবং দুইজন মেয়ে ছিল। তবে জন্মের পরপরই একে একে পাঁচ শিশুর মৃত্যু হয়। এমন মর্মান্তিক ঘটনায় পরিবারটি যেন মুহূর্তেই আনন্দ থেকে গভীর শোকে ডুবে যায়।
পরিবারের সদস্যরা জানান, গত রোববার সকালে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন জান্নাতি বেগম। দ্রুত তাকে যশোরের একটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানান এবং উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।
পরে পরিবারের সদস্যরা তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করেন। সোমবার সকালে চিকিৎসকদের তত্ত্বাবধানে স্বাভাবিক প্রসবের মাধ্যমে পাঁচ সন্তানের জন্ম হয়। কিন্তু জন্মের অল্প সময়ের মধ্যেই নবজাতকদের শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত সবাই মারা যায়।
একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম সাধারণত বিরল ঘটনা হিসেবে বিবেচিত হয়। এমন খবরে পরিবারে আনন্দের আবহ তৈরি হলেও মুহূর্তের মধ্যেই তা পরিণত হয় কান্না আর হতাশায়। নবজাতকদের মৃত্যুতে মা জান্নাতি বেগমের পরিবার এখন গভীর শোকে স্তব্ধ ।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রবাসী স্বামী আকরামুল হোসেন দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় কর্মরত রয়েছেন। পরিবারের সদস্যরা এই সন্তানদের ঘিরে অনেক স্বপ্ন দেখেছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে জন্মের পরই পাঁচ শিশুকে হারাতে হলো পরিবারটিকে ।

