যশোরের শার্শা উপজেলায় টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার, কৃষকদের সচেতনতা বৃদ্ধি এবং কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে আয়োজিত এই মেলা ইতোমধ্যেই স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
মঙ্গলবার সকালে উৎসবমুখর পরিবেশে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে কৃষির আধুনিকায়ন, টেকসই উৎপাদন এবং প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার গুরুত্ব তুলে ধরা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, প্রাণিসম্পদ কর্মকর্তা তপু কুমার বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি হাসান জহির এবং জামায়াতে ইসলামীর উপজেলা আমির অধ্যক্ষ ফারুক হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠান শেষে অতিথিরা বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে মেলার বিভিন্ন স্টলের উদ্বোধন করেন। পরে তারা স্টলগুলো ঘুরে দেখেন এবং কৃষি প্রযুক্তির নানা উদ্ভাবনী দিক সম্পর্কে খোঁজখবর নেন।
শার্শা কৃষি প্রযুক্তি মেলায় দেশীয় ও বিদেশি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের প্রদর্শনী স্থান পেয়েছে। এছাড়া উন্নত জাতের ফসল, ফুল চাষ, কৃষি স্বাস্থ্যসেবা এবং আধুনিক যোগাযোগ প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
মেলায় অংশ নেওয়া কৃষকরা জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কম খরচে বেশি ফলন সম্ভব। এতে কৃষক যেমন লাভবান হবেন, তেমনি দেশের কৃষি অর্থনীতিও আরও শক্তিশালী হবে।
দর্শনার্থীদের মধ্যে বিশেষ আগ্রহ দেখা গেছে উন্নত জাতের ফলজ গাছ ও কৃষি প্রযুক্তিভিত্তিক স্টলগুলোতে। অনেকেই বিভিন্ন কৃষি যন্ত্রপাতি ও নতুন প্রযুক্তি সম্পর্কে সরাসরি ধারণা নেওয়ার সুযোগ পেয়েছেন।
মেলায় আগত কৃষক ও দর্শনার্থীদের মাঝে বিভিন্ন ধরনের ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা জানান, কৃষকদের পরিবেশবান্ধব ও লাভজনক কৃষিকাজে উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি। কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে এবং উৎপাদনশীলতা বাড়াতে এ ধরনের মেলার ভূমিকা গুরুত্বপূর্ণ।

