যশোরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার প্রাথমিক ফলাফল প্রকাশ করা হয়েছে। স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মাত্র ১২০ টাকা ফি দিয়ে নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন ৫২ জন প্রার্থী।
রোববার ফলাফল প্রকাশ উপলক্ষে যশোর জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের দুপুর আড়াইটায় যশোর পুলিশ লাইন্সে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়। তবে নির্ধারিত সময়ের অনেক পরে, বিকেল ৪টার পর ফলাফল প্রকাশ করা হয়। এতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হওয়ায় উপস্থিত গণমাধ্যম কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সভাপতি ও সৈয়দ রফিকুল ইসলাম। এসময় তিনি উত্তীর্ণ প্রার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
পুলিশ সুপার বলেন, কয়েকটি ধাপ সম্পন্ন করে স্বচ্ছতার সঙ্গে এই নিয়োগ কার্যক্রম শেষ করা হয়েছে। যারা প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন, তারা নিজেদের মেধা ও যোগ্যতার প্রমাণ রেখেছেন।
তিনি নির্বাচিত সকল প্রার্থীকে অভিনন্দন জানান। পাশাপাশি যারা প্রাথমিক ফলাফলে উত্তীর্ণ হতে পারেননি, তাদের ভবিষ্যতের জন্য আরও ভালোভাবে প্রস্তুতি নেয়ার পরামর্শ দেন।

