দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) তৃতীয় দফায় স্বর্ণের মূল্য হ্রাসের ঘোষণা দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ৬ হাজার ৫৯১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা।
বুধবার (১০ জুন) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দাম বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী—
- ২২ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা
- ২১ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা
- ১৮ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা
- সনাতন পদ্ধতির স্বর্ণ: প্রতি ভরি ১ লাখ ৪৮ হাজার ৪২৪ টাকা
এর আগে গত ৬ জুনও স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৭২ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ বার দাম বাড়ানো হয়েছে এবং ৩৫ বার কমানো হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছিল। ওই বছরে ৬৪ বার দাম বৃদ্ধি এবং ২৯ বার দাম হ্রাস করা হয়।
বিশ্ববাজার ও স্থানীয় বাজারে স্বর্ণের দামের ওঠানামার প্রভাবেই দেশে বারবার স্বর্ণের মূল্য পুনর্নির্ধারণ করা হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

