চুয়াডাঙ্গার দামুড়হুদা থেকে ৩ হাজার পিস ইয়াবা সহ যুবক আটক

Share

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩ হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায় শনিবার (৬ জুন) সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৪০ মিনিট পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চুয়াডাঙ্গার পরিচালিত এক বিশেষ অভিযানে এ ইয়াবার চালান উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানাধীন জয়রামপুর গ্রামে জীবননগরগামী মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা জীবননগরগামী পূর্বাশা এসি পরিবহনের একটি বাসে অভিযান পরিচালনা করা হয়। তল্লাশিকালে বাসের যাত্রী মো. আব্দুল্লাহ (৩১)-এর বহনকৃত একটি শপিং ব্যাগে থাকা ১৫টি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেট থেকে মোট ৩ হাজার পিস কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে ইয়াবা ছিল। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ৩০০ গ্রাম।

গ্রেফতারকৃত আব্দুল্লাহ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শাপলা কলিপাড়া গ্রামের মৃত আরফান আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯ লাখ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গার উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে দামুড়হুদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চুয়াডাঙ্গার উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনতে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ

spot_imgspot_img

এ সম্পর্কিত আরও পড়ুন