এক ধাপে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবি, বাজেটে বরাদ্দ না হলে আন্দোলনের হুঁশিয়ারি

Share

সরকারি কর্মচারীদের জন্য গ্রেড সংখ্যা কমিয়ে বৈষম্যহীন নবম পে-স্কেল এক ধাপে বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন। সংগঠনটির নেতারা বলেছেন, আসন্ন জাতীয় বাজেটে এ লক্ষ্যে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না রাখা হলে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

শনিবার (৬ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত মৌন মিছিল ও সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন ফেডারেশনের চেয়ারম্যান মো. সেলিম মিয়া।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, অষ্টম পে-স্কেল কার্যকর হওয়ার পর এক দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হয়নি। এ সময়ে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় সরকারি কর্মচারীরা আর্থিক চাপে রয়েছেন। তাই চলতি বছরের মধ্যেই নবম পে-স্কেলের গেজেট প্রকাশ করে তা এক ধাপে কার্যকর করার দাবি জানান তিনি।

মো. সেলিম মিয়া বলেন, সম্প্রতি নবম পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের আলোচনা কর্মচারীদের মধ্যে হতাশা সৃষ্টি করেছে। দীর্ঘ ১১ বছর অপেক্ষার পর আবারও কয়েক ধাপে বেতন কাঠামো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

সংগঠনের পক্ষ থেকে কয়েকটি নির্দিষ্ট দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— ২০২৬ সালের জুনের মধ্যে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ, ২০২৬ সালের জানুয়ারি থেকে এর কার্যকারিতা নির্ধারণ, গ্রেড সংখ্যা কমিয়ে বেতন বৈষম্য হ্রাস, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল এবং চাকরিজীবনের পুরো সময়জুড়ে বার্ষিক ইনক্রিমেন্ট চালু রাখা।

ফেডারেশনের নেতারা বলেন, বাজারদর, মূল্যস্ফীতি এবং একটি পরিবারের বাস্তব জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে নতুন বেতন কাঠামো প্রণয়ন করতে হবে। তাদের দাবি, দেশের প্রায় ১৯ লাখ সরকারি কর্মচারী দীর্ঘদিন ধরে নতুন পে-স্কেলের অপেক্ষায় রয়েছেন।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, আসন্ন জাতীয় বাজেটে নবম পে-স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ এবং একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা না করা হলে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সঙ্গে সমন্বয় করে দেশব্যাপী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মো. জামাল উদ্দিন, মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী, প্রধান উপদেষ্টা মহিউদ্দিন খন্দকার, সিনিয়র ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি এম এ হান্নান ও মহাসচিব বেল্লাল হোসেন, কর্মচারী কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক খায়ের আহম্মেদ মজুমদারসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

সর্বশেষ সংবাদ

spot_imgspot_img

এ সম্পর্কিত আরও পড়ুন