কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি

Share

কুয়েতের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের স্থানীয় ফারওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা ও শারীরিক অবস্থার বিষয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বুধবার (৩ জুন) দূতাবাসের প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, পশ্চিম এশিয়ায় চলমান আঞ্চলিক উত্তেজনার প্রভাবে সম্প্রতি কুয়েতের আকাশসীমা একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়েছে। সর্বশেষ হামলায় চার বাংলাদেশিসহ বিভিন্ন দেশের কয়েকজন নাগরিক আহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় একজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে।

দূতাবাস জানিয়েছে, আহত বাংলাদেশিদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি তাদের শারীরিক অবস্থার খোঁজখবরও নেওয়া হচ্ছে।

নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে কুয়েত সরকার বিশেষ নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, রকেট বা ড্রোন হামলা এবং তা প্রতিহত করার দৃশ্যের ছবি বা ভিডিও ধারণ কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা দেশটির আইনে শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে কুয়েতে অবস্থানরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলার পাশাপাশি এ ধরনের কোনো ছবি বা ভিডিও প্রকাশ না করার আহ্বান জানিয়েছে দূতাবাস।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাম্প্রতিক হামলায় হতাহতদের কারণে কুয়েতের কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে রক্তদানে সক্ষম প্রবাসী বাংলাদেশিদের দ্রুত রক্তদান করার এবং অন্যদেরও রক্তদানে উৎসাহিত করার অনুরোধ জানানো হয়েছে।

বর্তমান পরিস্থিতিতে কুয়েতে বসবাসরত সকল বাংলাদেশিকে সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসন ও কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। এতে তাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত হবে বলে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

spot_imgspot_img

এ সম্পর্কিত আরও পড়ুন