টানা তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবনে স্বস্তি ফিরিয়েছে শুক্রবারের বৃষ্টি। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা কিছুটা কমেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী তিন দিন দেশের সব বিভাগেই কম-বেশি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
শুক্রবার (৫ জুন) রাতে আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, শুক্রবারের মতো আগামী তিন দিনও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা আরও কিছুটা কমে স্বস্তিদায়ক আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সন্ধ্যা ৬টার বুলেটিন অনুযায়ী, পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। একই সময়ে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নরসিংদীতে। এছাড়া চুয়াডাঙ্গায় ৪৪ মিলিমিটার, চাঁদপুরে ৩৯ মিলিমিটার, টাঙ্গাইলে ৩২ মিলিমিটার এবং শ্রীমঙ্গলে ২৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে, ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে রাত ১টা পর্যন্ত রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: ইত্তেফাক

