দেশের ফ্রিল্যান্সারদের জন্য সুখবর এসেছে। তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে কর্মরত ফ্রিল্যান্সারদের বিদেশ থেকে অর্জিত আয়ের ওপর এতদিন যে ৭.৫ শতাংশ হারে উৎসে কর কাটা হতো, তা সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের পর ফ্রিল্যান্সারদের কাছ থেকে আর কোনো উৎসে কর কাটা হবে না।
এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ডাচ-বাংলা ব্যাংক। ব্যাংকটি জানিয়েছে, ফ্রিল্যান্সিং আয়ের ওপর উৎসে কর কর্তন বন্ধ করা হয়েছে। একই সঙ্গে ইতোমধ্যে যেসব ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট থেকে কর বাবদ অর্থ কেটে নেওয়া হয়েছে, তা ফেরত দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।
শুক্রবার (৫ জুন) ব্যাংকটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডাচ-বাংলা ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা সগীর আহমেদ জানান, বিদ্যমান নিয়ম অনুযায়ী আইটি ফ্রিল্যান্সারদের আয়ের ওপর ৭.৫ শতাংশ হারে উৎসে কর কাটা হতো। তবে দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ এবং তরুণদের আরও উৎসাহিত করতে এখন থেকে এই আয় করমুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার পর ব্যাংক কর্তৃপক্ষ দ্রুত সিদ্ধান্তটি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি যেসব গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ইতোমধ্যে কর কাটা হয়েছে, তাদের অর্থ দ্রুত ফেরত দেওয়ার বিষয়েও প্রয়োজনীয় কার্যক্রম চলছে।
খাতসংশ্লিষ্টদের মতে, এই সিদ্ধান্ত দেশের আইটি ও ফ্রিল্যান্সিং খাতের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। এর ফলে বৈদেশিক মুদ্রা অর্জনে অবদান রাখা ফ্রিল্যান্সাররা আরও উৎসাহিত হবেন।
সম্প্রতি ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয় বা রেমিট্যান্সের ওপর ৭.৫ শতাংশ হারে উৎসে কর কাটা হচ্ছে এমন অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিষয়টি সরকারের নজরে এলে ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর এ ধরনের কর আরোপ না করার আশ্বাস দেওয়া হয়।
গত ১ জুন সচিবালয়ে জনপ্রিয় ফেসবুক পেজ ‘চিত্ত মিডিয়া’র প্রতিষ্ঠাতা ও কনটেন্ট ক্রিয়েটর জুয়েল রানা-এর সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে ইতিবাচক অবস্থান ব্যক্ত করেন বলে জানা যায়।
বৈঠক শেষে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে জুয়েল রানা বলেন, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ওপর ৭.৫ শতাংশ কর আরোপের গুঞ্জন নিয়ে তিনি প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইলে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দেন এবং এমন কর আরোপ না করার পক্ষে মত দেন।

