কুমিল্লা জেলা পরিষদের নিজস্ব রাজস্ব তহবিল থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ১৫ কোটি টাকা এবং এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ১০ কোটি টাকা নিয়েছেন বলে অভিযোগ করেছেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া।
শনিবার (৩০ মে) দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমি-তে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ অভিযোগ করেন। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর শাখা।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে মোস্তাক মিয়া বলেন, “আমার জেলা পরিষদ থেকে মুরাদনগরের আসিফ মাহমুদ ১৫ কোটি টাকা নিয়ে গেছেন। তিনি আমাদের নিজস্ব রাজস্বের ১৫ কোটি টাকা নিয়ে গেছেন। আরেকজন হাসনাত আবদুল্লাহ ১০ কোটি টাকা নিয়ে গেছেন। তারা বৈষম্যবিরোধী রাজনীতির কথা বললেও নিজেদের মধ্যে সেই সমন্বয় ছিল না।”
তিনি আরও বলেন, “জনগণের ভোটে নির্বাচিত আমাদের নেতা তারেক রহমান বর্তমানে সরকারের নেতৃত্ব দিচ্ছেন এবং দেশের অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছেন।”
তবে আসিফ মাহমুদ ও হাসনাত আবদুল্লাহ কী প্রক্রিয়ায় জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে অর্থ নিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানতে অনুষ্ঠানের পর মোস্তাক মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। এ সময় তার ব্যক্তিগত সহকারী জানান, তিনি একটি অনুষ্ঠানে ব্যস্ত রয়েছেন এবং পরে এ বিষয়ে কথা বলবেন।
এ বিষয়ে অভিযুক্ত আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও হাসনাত আবদুল্লাহর কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

